মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, দুপুরে ঢাকা মেট্রো-ব-১৪১১৬৪ নম্বর বাসটি যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বেলা সাড়ে তিনটার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়।
খবর পেয়ে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ক্রেন দিয়ে বাসটিকে টেনে পানি থেকে ওপরে তোলে। এ সময় বাসের ভেতর ও তলে থেকে চাপা পড়া অবস্থায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। যাদের মধ্যে দুইজন নারী, দু’জন পুরুষ। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শালিখা থানার ওসি মাহবুবুর রহমান জানান, দমকল বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।